দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছেন, তারা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এসব করছেন।
সোমবার (২৫ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুলমাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত তিস্তাপাড়ের ‘ভালোবাসার বাজার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, “তিস্তা হচ্ছে আমাদের বর্তমান মহাপরিকল্পনা। তিস্তা নদী ও এর আশপাশের দুই কোটি মানুষের অধিকার আদায়ে আমরা আন্দোলন করেছি। যারা ভালো কাজকে ভালোভাবে দেখতে পারে না, তারাই এর বিরোধিতা করছে।”
তিনি আরও বলেন, “তিস্তার অধিকার আদায়ের আন্দোলনে এসব সমালোচকদের কখনো দেখা যায়নি। এখন মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”
ত্রাণমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজের ঘোষণা দিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।
সীমান্ত হত্যা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, “যেভাবেই হোক না কেন, সীমান্তে বিনা বিচারে কোনো ব্যক্তিকে গুলি করে হত্যা করা উচিত নয়। কেউ অপরাধী হলেও তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।”
এর আগে তিস্তা পাড়ের হতদরিদ্র মানুষের জন্য আয়োজিত ‘ভালোবাসার বাজার’-এর উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী। এ বাজারে মাত্র ১ টাকায় ঈদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য কিনতে পারছেন সুবিধাবঞ্চিত মানুষজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজক জামাল উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী মানুষজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









