পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
সোয়াত থেকে পেশোয়ার যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক বাসটিকে রাস্তার পাশে থামিয়ে রাখেন। যাত্রীরা বাস থেকে নেমে মেরামত শেষের অপেক্ষায় ছিলেন। এ সময় সড়ক দিয়ে চলতে থাকা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও যাত্রীদের ধাক্কা দেয়।
এএফপির সূত্র অনুসারে, উদ্ধার কর্মকর্তা বিলাল আহমাদ ফাইজি বলেন, ‘অন্তত ১৭ জন নিহত হন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।’ তিনি আরও জানান, আহত তিন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় হাসপাতালের ডাক্তার মুহাম্মাদ আলি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। বাসযাত্রীদের অনেকেই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন।
পাকিস্তানে ট্রাফিক আইনের সঠিক প্রয়োগের অভাব, দ্রুতগতিতে গাড়ি চালানোর প্রবণতা, সড়কে নিরাপত্তা বজায় রাখার সঠিক মানদণ্ড না থাকা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









