আসন্ন বিশ্বকাপকে ঘিরে এক সময় বড় প্রশ্ন ছিল—লিওনেল মেসি আদৌ খেলবেন কি না। সেই সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনা দলে আছেন তিনি। তবে নতুন করে সামনে এসেছে আরেক প্রশ্ন—এই বিশ্বকাপই কি তার শেষ আন্তর্জাতিক মঞ্চ?
এ নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। তার ভাষায়, মেসির ভবিষ্যৎ নিয়ে কোনো চাপ বা পূর্বনির্ধারিত সিদ্ধান্ত নেই। “মেসি যতদিন চাইবে, ততদিন খেলতে পারে। ওর মতো খেলোয়াড়কে নিয়ে অবাক হওয়ার কিছু নেই,”—বলেছেন স্ক্যালোনি।
৩৮ বছর বয়সী মেসির সামনে পরের বিশ্বকাপ খেলার সম্ভাবনা স্বাভাবিকভাবেই কম। তাই অনেকের ধারণা, যুক্তরাষ্ট্রের মাটিতেই হয়তো শেষবারের মতো বিশ্বকাপ খেলছেন তিনি। কিন্তু স্ক্যালোনি পরিষ্কার করে দিয়েছেন—এই সিদ্ধান্ত একান্তই মেসির নিজের।
স্ক্যালোনির মতে, অসংখ্য রেকর্ড ও ট্রফি জয়ের পরও মেসির ভেতরের ক্ষুধা একটুও কমেনি। “সে সব সময় সেরাদের মধ্যে থাকতে চায়, সব সময় আরও জিততে চায়,”—যোগ করেন তিনি।
এবারের বিশ্বকাপ তুলনামূলক দীর্ঘ হওয়ায় খেলোয়াড়দের ওপর ধকলও বেশি পড়বে। মেসির ক্ষেত্রে বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে স্ক্যালোনি বলেন, কোনো কিছুই জোর করে চাপিয়ে দেওয়া হবে না। তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে সবকিছু।
“আমরা আগে ওর সঙ্গে কথা বলি, তারপর সিদ্ধান্ত নিই—এটাই স্বাভাবিক। দেশের জন্য মেসি অনেক কিছু দিয়েছে, অনেক কষ্ট সহ্য করেও খেলেছে,”—বলেছেন কোচ।
এদিকে প্রস্তুতির শুরুটা খুব একটা স্বস্তিদায়ক নয়। কানসাসে দলের প্রথম অনুশীলনে মেসিকে দেখা গেছে আলাদা করে কাজ করতে। হ্যামস্ট্রিং সমস্যার কারণে মূল দলের বাইরে থেকেই ফিজিওদের তত্ত্বাবধানে অনুশীলন করছেন তিনি। ২৪ মে’র পর থেকে ম্যাচেও নামেননি। শুধু মেসিই নন, চোটে থাকা আরও কয়েকজন খেলোয়াড়ও এখনো পুরো দলে যোগ দেননি।
সব মিলিয়ে, বিশ্বকাপের মঞ্চে মেসির উপস্থিতি নিশ্চিত হলেও তার পরের গল্পটা এখনো অনিশ্চিত—আর সেই উত্তরটা লুকিয়ে আছে একমাত্র মেসির কাছেই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









