দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশ তাদের একমাত্র ছেলে মেঘ। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে অ্যাটর্নি জেনারেলের কাছে।
বুধবার (৩ জুন) দুপুরে মামলার অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেন সাগর-রুনির পরিবারের সদস্যরা।
রুনির ভাই নওশের রোমান বলেন, “এত বছরেও তদন্তে কোনো অগ্রগতি নেই। মেঘ খুবই হতাশ। আমরা জানতে চাই, এই দীর্ঘসূত্রতার জবাবদিহি কোথায়?” তিনি অভিযোগ করেন, আগে নিয়মিত অগ্রগতির তথ্য পাওয়া গেলেও এখন ছয় মাস পরপর সময় দেওয়া হচ্ছে, কিন্তু তদন্তের অবস্থা সম্পর্কে পরিবার অন্ধকারে রয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, এই মামলা শুধু তাদের নয়, পুরো দেশের মানুষের আগ্রহের বিষয়। দীর্ঘদিনেও অগ্রগতি না হওয়ায় তারা চরম হতাশ।
মেঘ বলেন, “অনেকে মামলার অগ্রগতি জানতে চান, কিন্তু আমরা নিজেরাই কিছু জানি না। তাই কোনো উত্তর দিতে পারি না।”
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, মামলাটি এখনো তদন্তাধীন। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তথ্য-উপাত্ত সংগ্রহে জটিলতা তৈরি হয়েছে। ঘটনার সময় সংশ্লিষ্ট অনেককেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, “তদন্ত কর্মকর্তারা নতুন করে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। পরিবারের উদ্বেগের বিষয়টি তাদের কাছে তুলে ধরা হবে।” তবে মামলার ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, আলোচিত এ মামলাটি আলো-আঁধারের মাঝখানে রয়েছে। অর্থাৎ আগে কোনো অগ্রগতি দেখিনি। অতীতের যে তদন্তগুলো করা হয়েছে, সেগুলো করার ক্ষেত্রে কিছু জবানবন্দি রেকর্ড আছে এবং আমি দুটো ডিএনএ প্রতিবেদনও দেখেছি। এর মধ্যে আমেরিকান ইনস্টিটিউট থেকে করা। প্রতিবেদনটি ক্রসচেকের জন্য তৎকালীন কর্তৃপক্ষ এটি সেখানে পাঠিয়েছিলেন যে, ডিএনএ প্রতিবেদন ঠিক না বেঠিক। তার প্রতিবেদনও এখানে আছে। এজন্যই আমার মনে হয় কিছু আলো-আঁধারের মাঝখানে একটা আশার আলো দেখতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









