ইনজুরি কাটিয়ে আবার গ্লাভস হাতে মাঠে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার এই প্রত্যাবর্তনে বড় স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা দল।
ডান হাতের অনামিকায় চোট পাওয়ার পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন অ্যাস্টন ভিলার এই তারকা। বৃহস্পতিবার দুই হাতে গ্লাভস পরে পুরো ট্রেনিং সেশন সম্পন্ন করেন তিনি।
গত ২০ মে ইউরোপা লিগ ফাইনালের আগে অনুশীলনের সময় আঙুল ভেঙে যায় মার্টিনেজের। এরপরও তাকে দলে রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা। অবশেষে দ্রুত সেরে উঠে দলে ফিরলেন তিনি।
ইনজুরির কারণে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামেননি মার্টিনেজ। তবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকার মতো ফিট তিনি—এমনটাই জানা গেছে।
গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্টিনেজ এরপরও নিজের ফর্ম ধরে রেখেছেন। ইউরোপা লিগের মৌসুমসেরা দলে জায়গা পাওয়ার পাশাপাশি ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ে ভূমিকা রেখে বর্ষসেরা গোলরক্ষকের স্বীকৃতিও অর্জন করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









