রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম

আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম

৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত

মাত্র ৬০ বলেই ১৫৪ রানের লক্ষ্য ছুঁয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা। জসপ্রীত বুমরাহ ও রবি বিষ্ণয়ের দুর্দান্ত বোলিংয়ের পর অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। 

গুয়াহাটিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ৩৪ রানের মধ্যেই প্রথম তিন ব্যাটারকে হারায় কিউইরা। এরপর মার্ক চাপম্যান ও গ্লেন ফিলিপস পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার ইঙ্গিত দেন। তবে চাপম্যান ৩২ রানে আউট হলে সেই জুটি ভাঙে। ড্যারিল মিচেলকে নিয়ে ফিলিপস ২৬ রানের আরেকটি জুটি গড়লেও দুজনই দ্রুত ফিরে যান। ফিলিপস করেন ৩২ রান, মিচেল আউট হন ১৪ রানে।

নিচের দিকে একমাত্র মিচেল স্যান্টনার ২৭ রান করে কিছুটা লড়াই করেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানেই থামে নিউজিল্যান্ডের ইনিংস।

ভারতের হয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন জসপ্রীত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। রবি বিষ্ণয় ১৮ রানে নেন ২ উইকেট। হার্দিক পান্ডিয়াও ২৩ রান দিয়ে পান দুটি উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে ভারত প্রথম বলেই সাঞ্জু স্যামসনকে হারালেও এরপর ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ইশান কিষাণ ও অভিষেক শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। মাত্র ৩.২ ওভারে ৫৩ রান যোগ করে এই জুটি। ১৩ বলে ২৮ রান করে আউট হন কিষাণ।

এরপর অভিষেক শর্মার তাণ্ডবে কার্যত ম্যাচ শেষ হয়ে যায়। ভারতীয় হিসেবে যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় দ্রুততম ফিফটি করেন তিনি। মাত্র ১৪ বলে ৫ চার ও ৪ ছক্কায় পঞ্চাশ পূর্ণ করেন এই ওপেনার।

অন্য প্রান্তে সূর্যকুমার যাদবও ছিলেন সমান বিধ্বংসী। দুজনের অপরাজিত ১০২ রানের জুটিতে ড্রিংকস ব্রেকের আগেই জয় নিশ্চিত করে ভারত। অভিষেক শর্মা ২০ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন। সূর্যকুমার যাদব ২৬ বলে ৫৭ রান করেন, তার ইনিংসে ছিল ৬ চার ও ৩ ছক্কা।


কাওছার/এ/ন্যাশ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.