১৯৩০ সালে যাত্রা শুরু করা ফিফা বিশ্বকাপ ২০৩০ সালে শতবর্ষ পূর্ণ করবে। তবে তার আগেই ২০২৬ বিশ্বকাপেই তৈরি হতে যাচ্ছে নতুন এক ইতিহাস—টুর্নামেন্টের ১০০০তম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারই।
এই মাইলফলক স্পর্শ করা ম্যাচটি হবে তিউনিসিয়া ও জাপানের মধ্যে। রবিবার (২১ জুন) মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর এই লড়াইটিই বিশ্বকাপ ইতিহাসে হাজারতম ম্যাচ হিসেবে গণ্য হবে। ফলে ম্যাচটি শুধু প্রতিদ্বন্দ্বিতার জন্যই নয়, বিশেষ গুরুত্ব পাচ্ছে ঐতিহাসিক কারণে।
উরুগুয়েতে ১৯৩০ সালের প্রথম আসর থেকে শুরু করে বিশ্বকাপ আজকের এই পর্যায়ে পৌঁছেছে ফিফার সুদূরপ্রসারী পরিকল্পনার ফলে। ২০২৬ আসরে দেখা গেছে নতুন অনেক পরিবর্তন, যার মধ্যে ৪৮ দলের অংশগ্রহণ অন্যতম। প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল মাত্র ১৩টি দল এবং ম্যাচ হয়েছিল মোট ১৮টি।
তিউনিসিয়া ও জাপানের এই লড়াই পুরনো স্মৃতিও উসকে দেবে, কারণ ২০০২ সালের বিশ্বকাপেও গ্রুপ পর্বে তাদের দেখা হয়েছিল। জাপান ১৯৯৮ সাল থেকে নিয়মিত বিশ্বকাপে খেলছে এবং ২০০২, ২০১০, ২০১৮ ও ২০২২—এই চার আসরেই তারা শেষ ষোলোতে উঠেছিল।
অন্যদিকে তিউনিসিয়া প্রথমবার বিশ্বকাপে খেলেছিল ১৯৭৮ সালে আর্জেন্টিনায়। এরপর বিরতি দিয়ে তারা আবার ফিরে আসে এবং ২০০৬ পর্যন্ত নিয়মিত অংশ নেয়। ২০১০ ও ২০১৪ আসর মিস করলেও ২০১৮ সালে আবার বিশ্বকাপে ফেরে দলটি। তবে এখনো পর্যন্ত তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি।
এই বিশেষ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস। ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে রেফারিরা পরবেন বিশেষ জার্সি, যেখানে থাকবে সোনালি স্ট্রাইপ ও ‘Match 1000’ লেখা বিশেষ প্যাচ।
রেফারি নিয়োগের সিদ্ধান্ত এসেছে ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা ও রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কোলিনার কাছ থেকে।
কোলিনা বলেন, ‘এই ম্যাচের জন্য আমরা যাকে সবচেয়ে উপযুক্ত মনে করেছি তাকেই বেছে নিয়েছি। কাকতালীয়ভাবে তিনিই ১০০০তম ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন, যা নিঃসন্দেহে তার জন্য বিশেষ সম্মান।’
তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপের একটি ম্যাচ পরিচালনা করাই বড় গৌরবের বিষয়। সেখানে ১০০০তম ম্যাচ পরিচালনা করা আরও বেশি তাৎপর্যপূর্ণ। এই উপলক্ষে বিশেষ ম্যাচ কিট তৈরি করা হয়েছে, যাতে সোনালি নকশা ও ‘1000’ লেখা প্যাচ থাকবে।’
উল্লেখযোগ্য বিষয় হলো, কোলিনা নিজেই ২০০২ সালের বিশ্বকাপ ফাইনাল—ব্রাজিল ও জার্মানির ম্যাচ—পরিচালনা করেছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









