২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি ও আয়োজন শেষ না হতেই ২০৩৮ সালের বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ২০৩৮ বিশ্বকাপের জন্য বিড করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। ৩ দেশের আয়োজনে প্রথমবারের মতো বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিচ্ছে। তবে ভবিষ্যতে দলের সংখ্যা আরও বাড়িয়ে ৬৪টি করার কথা ভাবছে ফিফা।
জুলিয়ানি বলেন, 'যদি বিশ্বকাপ একসময় ৬৪ দলে সম্প্রসারিত হয়, তবুও আমি মনে করি যুক্তরাষ্ট্র সেটি আয়োজন করার সক্ষমতা রাখে। তবে ২০৩৮ সালের বিড নিয়ে কথা বলার আগে আমাদের ১৯ জুলাই পর্যন্ত চলমান বিশ্বকাপ সফলভাবে শেষ করতে হবে।'
এবারের বিশ্বকাপকে কেন্দ্র করে অভিবাসন নীতি, ভ্রমণ ব্যয় বৃদ্ধি এবং ইরানের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনা হয়েছে। বিশেষ করে ইরানের কোচিং স্টাফের কয়েকজন সদস্যকে ভিসা না দেওয়ায় দলটির ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোতে সরিয়ে নিতে হয়েছে। এছাড়া ম্যাচের একদিন আগে ইরানকে ভেন্যু শহরে প্রবেশের অনুমতি এবং ম্যাচ শেষ হতেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য করার মতো বিতর্কিত ঘটনাও ঘটছে।
এসব সমালোচনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী জুলিয়ানি। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে বলেন, 'বিশ্বকাপ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকা কোনো দেশ নেই। আমাদের অসাধারণ অবকাঠামো রয়েছে, দর্শকদের স্বাগত জানানোর সক্ষমতা রয়েছে এবং অধিকাংশ স্টেডিয়াম আগেই নির্মিত। অন্য অনেক দেশের মতো আমাদের দশকের পর দশক ধরে বিপুল অর্থ ব্যয় করে নতুন অবকাঠামো গড়ে তুলতে হয় না।'
তিনি আরও বলেন, 'বিশ্বকাপের মাধ্যমে বিশ্বের মানুষ আবারও যুক্তরাষ্ট্রকে নতুনভাবে দেখছে। আমাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির প্রাক্কালে এটি আমাদের জন্য সত্যিই আনন্দের বিষয়।'
২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে ইতোমধ্যে নির্বাচিত হয়েছে সৌদি আরব। ২০৩৮ বিশ্বকাপের জন্য নতুন করে আয়োজক নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তার আগেই যুক্তরাষ্ট্র ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের ইচ্ছার কথা জানাল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









