অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বে তিন ম্যাচে অপরাজিত থেকে নকআউট নিশ্চিত করা দলটির সামনে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ— বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে লড়াই।
আগামী ৪ জুলাই মায়ামিতে শেষ ষোলোর ম্যাচে লিওনেল মেসিদের মুখোমুখি হবে কেপ ভার্দে। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন দলটির প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ‘বুবিস্তা’ নামেই বেশি পরিচিত।
বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামাকে বিশেষ সম্মান হিসেবে দেখছেন বুবিস্তা। তিনি বলেন, “এই মুহূর্তের অনুভূতি এখনও সতেজ। আমরা বিশ্বাস করেছিলাম, এখানে পৌঁছাতে পারব। আর্জেন্টিনার সঙ্গে আমাদের আবেগের একটি সম্পর্কও রয়েছে। কেপ ভার্দের অনেক মানুষ সেখানে বসবাস করেন।”
লিওনেল মেসিকে নিয়ে তিনি বলেন, “আর্জেন্টিনা দলে এমন একজন ফুটবলার আছেন, যাকে অনেকেই সর্বকালের সেরা মনে করেন। মেসির বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলতে পারা আমাদের জন্য গর্বের এবং স্মরণীয় একটি অভিজ্ঞতা হবে।”
গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে রুখে দেওয়ার পাশাপাশি শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউট নিশ্চিত করে কেপ ভার্দে। তবে এই সাফল্যকে কোনো রূপকথা বলতে রাজি নন বুবিস্তা।
তার ভাষায়, “এটি ভাগ্যের ফল নয়। খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের প্রতিফলন। ছেলেরা অসাধারণ খেলেছে। প্রথম দুই ম্যাচের পর থেকেই আমাদের বিশ্বাস ছিল, আমরা পরের পর্বে উঠতে পারব।”
আত্মবিশ্বাসের সুরে তিনি আরও বলেন, “আমরা ছোট একটি দেশের প্রতিনিধিত্ব করি, কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড়। লক্ষ্য অর্জনে আমরা সবসময় লড়াই করি। আমাদের কাছে অসম্ভব বলে কিছু নেই।”
বড় স্বপ্ন আর আত্মবিশ্বাস নিয়েই এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। মায়ামিতে তারা নতুন কোনো ইতিহাস গড়তে পারে কি না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষার বিষয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









