অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই নতুন টেস্ট মিশনে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।
রবিবার (২৮ জুন) ম্যাচের টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড এনগারাভা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
পিচ রিপোর্টে সাবেক ক্রিকেটার আতহার আলী খান জানান, উইকেটের ৬ থেকে ৮ মিটার অংশে ভালো ঘাসের আবরণ রয়েছে। ফলে ম্যাচের প্রথম ঘণ্টায় পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। তার মতে, সঠিক জায়গায় বল করতে পারলে শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ থাকবে। ব্যাটারদের ধৈর্য ধরে খেলতে হবে, কারণ এটি পাঁচ দিনের ম্যাচ এবং একবার সেট হয়ে গেলে বড় ইনিংস খেলার সুযোগ থাকবে।
তিনি বলেছেন, ‘সিমাররা প্রথম ঘণ্টায় বড় ভূমিকা রাখবে। সঠিক জায়গায় বল ফেললে উইকেট আসবে। ব্যাটারকে সময় নিতে হবে। এটা ৫ দিনের খেলা, তাড়াহুড়োর দরকার নেই। একবার সেট হয়ে গেলে রান আসবে।’
অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানালেন, টস জিতলে বোলিংই করত বাংলাদেশ। তিনি বলেছেন, ‘আমরা আগে বোলিং করতাম, কিন্তু প্রথম দুই ঘণ্টা ভালো ব্যাট করলে সমস্যা নেই। জয় আমাদের আত্মবিশ্বাস দেয়। তবে এটা নতুন টেস্ট এবং নতুন পরিবেশ। ভালো খেলতে হবে।’
শান্ত আরও বলেছেন, ‘উইকেটে কিছুটা আর্দ্রতা আছে মনে হচ্ছে। নতুন বলে চ্যালেঞ্জ থাকবে এবং কিছুটা বাড়তি বাউন্সও থাকবে। রান করা পরিস্থিতির উপর নির্ভর করে। তবে আমাকে ব্যাট দিয়ে অবদান রাখতে হবে। তাইজুল একমাত্র স্পিনার, গত এক বছরে সে আমাদের জন্য ভালো করেছে। আমাদের তিনজন সিমারও আছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









