২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিনজন খেলোয়াড়ের পেনাল্টি মিস করে বিদায় নেওয়ার অভিজ্ঞতা এবার ভুলে যেতে চায় জাপান। সেই একই ভুল এড়াতে ব্রাজিলের বিপক্ষে নকআউট ম্যাচে নতুন কৌশল নিয়েছেন দলের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।
তিনি জানিয়েছেন, ম্যাচ টাইব্রেকারে গড়ালে পেনাল্টি নেওয়ার ক্রম এবার খেলোয়াড়দের ওপর না ছেড়ে নিজেই নির্ধারণ করবেন তিনি।
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল বা ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে জাপান। গত কয়েক বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানোর কারণে তাদের প্রতি প্রত্যাশাও বেড়েছে অনেক।
গত বছরের অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। ফলে এবার বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ নেওয়ার বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবে ব্রাজিলও।
তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে জাপান। গ্রুপ পর্বে চোট পাওয়া তারকা উইঙ্গার তাকেফুসা কুবো ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না। কোচ মোরিয়াসু বলেন, কুবো এখনো পুরোপুরি সুস্থ নয় এবং আলাদা অনুশীলন করছে। তাকে ঝুঁকি না নিয়ে বিশ্রামে রাখা হয়েছে।
উত্তর আমেরিকায় (কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো) আয়োজিত বিশ্বকাপে দীর্ঘ ভ্রমণ ও ক্লান্তিকর সূচি নিয়েও কথা বলেন জাপান কোচ। তার মতে, ব্রাজিলের তুলনায় একদিন কম বিশ্রাম পাওয়া দলটির জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে।
সব বাধা পেরিয়ে ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করে মোরিয়াসু বলেন, “আমরা বিশ্বাস করি আমরা জিততে পারি। এই বিশ্বকাপে আমাদের সেই সুযোগ আছে। অনেকেই আমাদের ডার্ক হর্স বলছে, আমরাও সেই মানসিকতা নিয়েই মাঠে নামব।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









