নকআউট পর্বে আর্জেন্টিনার জয়ের পর আবারও আলোচনায় উঠে এসেছেন ঘানার তান্ত্রিক কোয়াকু বোনসাম। ম্যাচের আগে করা তার বিতর্কিত ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত বাস্তবে রূপ পায়নি। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে তার দাবি ভুল প্রমাণিত হয়েছে।
ম্যাচের আগে বোনসাম দাবি করেছিলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে। তবে মাঠের লড়াইয়ে কেপ ভার্দে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি। ফলে জয় নিশ্চিত করে টুর্নামেন্টের পরবর্তী পর্বে জায়গা করে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা।
এর আগেও একাধিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন কোয়াকু বোনসাম। তিনি দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও সেই দাবির সত্যতা জানতে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ ছাড়া ইংল্যান্ড ও ঘানার ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, তার ‘কালো জাদুর’ প্রভাবে হ্যারি কেইন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে ওই ম্যাচে কেইন গোল পাননি। পরে পানামার বিপক্ষে ম্যাচের আগে বোনসাম জানান, তিনি সেই জাদুর প্রভাব তুলে নিয়েছেন। পরবর্তীতে ওই ম্যাচে গোল করেন কেইন।
এসব ঘটনার পর আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচকে ঘিরে বোনসামের ভবিষ্যদ্বাণী ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার দৃঢ়তায় সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়।
অন্যদিকে, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও একই ম্যাচ নিয়ে আর্জেন্টিনার হারের পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু তার সেই অনুমানও শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। ফলে আর্জেন্টিনার জয়েই ভেস্তে যায় দুই আলোচিত ভবিষ্যদ্বাণী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









