শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পর্তুগালকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে পর্তুগিজদের ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর নাটকীয় গোলে জয় নিশ্চিত করে স্পেন। এই হারের মাধ্যমে শেষ ষোলোর মঞ্চ থেকেই বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।
ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আক্রমণ ও পাল্টা আক্রমণে মেতে ওঠে। প্রথম ১২ মিনিটেই দুই দল অন ও অফ টার্গেট মিলিয়ে মোট সাতটি শট নেয়। ম্যাচের অষ্টম মিনিটে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্পেন। তবে ডি-বক্সের ভেতর পর্তুগাল গোলরক্ষক দিয়েগো কস্তাকে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন স্প্যানিশ ফরোয়ার্ড ওইয়ারজাবাল।
পরক্ষণেই পাল্টা আক্রমণে ওঠে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি বুলেট গতির শট কর্নারের বিনিময়ে দারুণভাবে ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ম্যাচের ৩৮তম মিনিটে আবারও সুযোগ পায় পর্তুগাল; জোয়াও ফিলিক্সের ক্রসে হেড এবং পরবর্তীতে রোনালদোর চমৎকার এক টোকা বাজপাখির মতো উড়ে এসে লুফে নেন উনাই সিমন। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ০-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে পর্তুগাল অনেকটাই নিষ্প্রভ হয়ে পড়ে। স্পেনের একের পর এক আক্রমণ সামলাতেই ব্যস্ত সময় পার করতে হয় পর্তুগিজ ডিফেন্ডারদের। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত কোনো দলই জালের দেখা না পাওয়ায় মনে হচ্ছিল ম্যাচটি হয়তো অতিরিক্ত সময়ে গড়াবে।
তবে ম্যাচের আসল নাটকীয়তা তখনও বাকি ছিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেররান তোরেসের নিখুঁত পাস থেকে বল পেয়ে পর্তুগালের জালে বল পাঠান বদলি হিসেবে মাঠে নামা মিকেল মেরিনো। শেষ মুহূর্তের এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং ১-০ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে স্পেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









