চলতি বিশ্বকাপে ঘানার বিদায়ের পর আলোচনায় উঠে এসেছেন দেশটির তান্ত্রিক কুয়াকু বনসাম। দলের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন তার করা বিভিন্ন ভবিষ্যদ্বাণী নিয়ে। তবে এবার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে ছড়ানো একটি খবরকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন তিনি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানা ও ইংল্যান্ডের ম্যাচের আগে কুয়াকু বনসাম দাবি করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে তিনি ‘জাদু’ করে আটকে রেখেছেন। তার দাবি ছিল, ঘানার বিপক্ষে গোল করতে পারবেন না কেইন। সেই ম্যাচে কেইন গোল না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় চলে আসেন তিনি।
নকআউট পর্ব শুরু হতেই আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন কুয়াকু বনসাম। সামাজিকমাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, নকআউটে কেপভার্দের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। এমনকি চলতি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে পর্তুগাল, প্রথমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরবেন রোনালদো।

ঘানার এই তান্ত্রিকের উভয় দাবি বিফলে গেছে। কেপ ভার্দের বিপক্ষে লড়াই হলেও ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেনের কাছে হেরে শেষ ষোলে থেকেই বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। ভবিষ্যদ্বাণী কাজে না আসা এই তান্ত্রিক মেসিকে নিয়ে জানালেন এবার ভিন্ন খবর।
কেপ ভার্দের বিপক্ষে মেসিদের হেরে যাওয়া নিয়ে নাকি কোনো মন্তব্যই করেননি তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে কুয়াকু বনসাম বলেন, ‘‘আমাকে নিয়ে একটি ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে, আমি নাকি ভবিষ্যদ্বাণী করেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার আত্মাধ্যিক শক্তি মেসির সঙ্গে থাকুক।’’
দুইদিন আগে করা এমন মন্তব্যের সঙ্গে তিনি পুরোনো পোস্টও জুড়ে দিয়েছেন। সেখানেও তিনি মেসিকে নিয়ে এমন মন্তব্য করেননি বলে দাবি করছেন। তিনি বলেন, ‘‘আমি মেসি ও আর্জেন্টিনার সমর্থক। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে, এমন কোনো মন্তব্য আমি করিনি। মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









