বর্তমান চ্যাম্পিয়ন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা ফুটসাল-২০২৬ এর শিরোপা জিতেছে সেলেসাওরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে প্যারাগুয়ের অলিম্পিক কমিটির অস্কার হ্যারিসন স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ২–১ গোলে পরাজিত করো ব্রাজিলিয়ানরা।
ম্যাচের শুরুর প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রাশিয়ান ক্লাব ক্রাসনোদারের হয়ে খেলা জোয়াও ভিক্টর দুই আর্জেন্টাইন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন।
চাপ সামল গিয়ে বারবার ফাউলের আশ্রয় নেয় আর্জেন্টিনা। ব্রাজিলের গোলরক্ষক মাতেউস পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। মাতিয়াস রোসা ও কেভিন আরিয়েতার নেওয়া একাধিক নিশ্চিত সুযোগ নস্যাৎ করেন তিনি।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে রোসার গোলে ম্যাচে ফেরে আর্জেন্টিনা, সমতায় আসে দলটি। তখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াতে যাচ্ছে। কিন্তু এক মিনিটের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বার্সেলোনার খেলোয়াড় দিয়েগো হেনরিক। তার গোলেই আবার এগিয়ে যায় ব্রাজিল এবং শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে।
এই জয়ের মাধ্যমে কোপা আমেরিকা ফুটসালের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল ব্রাজিল। এই জয়ে ব্রাজিলের শিরোপা সংখ্যা দাঁড়াল ১২টিতে। বিপরীতে, আর্জেন্টিনার শিরোপা সংখ্যা এখনো তিনটিতেই সীমাবদ্ধ। কোপা আমেরিকার ১৫তম আসরে তৃতীয় স্থান অর্জন করেছে পেরু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









