নির্ধারিত সময়ের জটিলতা কাটিয়ে দীর্ঘ দিন পর আবারও ঘরের মাঠে ফিরছে দক্ষিণ এশিয়ান ফুটবলের মহাযজ্ঞ। সব সংশয় ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরের আয়োজক হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ। সাফের সাম্প্রতিক নির্বাহী সভায় সিদ্ধান্তের পর নির্ধারিত সময়ে আসর গড়ানো নিয়ে তৈরি হওয়া শঙ্কা অবশেষে দূর হলো।
আগামী ৪ নভেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হবে। টুর্নামেন্টের সব ম্যাচ হবে ঢাকায়। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) মঙ্গলবার নিশ্চিত করেছে আয়োজক হিসেবে বাংলাদেশের নাম।
আগামী ২৫ জুলাই প্রতিযোগিতার আনুষ্ঠানিক লোগো উন্মোচন হবে ঢাকায়। তবে, ১ অগাস্ট ভুটানের থিম্পুতে আনুষ্ঠানিক ড্র হওয়ার কথা রয়েছে।
দেশের মাঠে প্রথম সাফ খেলার সুযোগ পাচ্ছেন হামজা চৌধুরী, শোমিত সোম, ফাহামিদুল ইসলামরা।
২০১৮ সালে সবশেষ এই প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল বাংলাদেশ। ২০০৩ সালের আসরে প্রথম ও সবশেষ উড়েছিল লাল-সবুজের বিজয় কেতন।
সবশেষ ২০২৩ সালে এই টুর্নামেন্ট হয়েছিল ভারতের বেঙ্গালুরুতে। সেবার, সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত, এ পর্যন্ত ৯টি শিরোপা জিতেছে তারা। ভারতের বাইরে কেবল দুটি শিরোপা আছে মালদ্বীপের, ২০০৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি।
বাংলাদেশ ছাড়া একবার করে এই ট্রফি জিতেছে আফগানিস্তান (২০১৩), শ্রীলঙ্কা (১৯৯৫)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









