সৌদি প্রো লিগের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার ক্লাব আল নাসরের মধ্যকারের সম্পর্কের টানাপোড়ন এখন তুঙ্গে। আল নাসরের ব্যবস্থাপনায় পরিবর্তনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ম্যাচ বয়কট করার অবস্থান থেকে সরে আসছেন তিনি। এখন পর্যন্ত টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করেছেন রোনালদো।
সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কয়েক সপ্তাহের মধ্যে ব্যবস্থাপনায় পরিবর্তনের নিশ্চয়তা না মিললে জুন মাসে ক্লাব ছাড়ার আবেদন জানাতে পারেন রোনালদো। গত সোমবার আল রিয়াদের বিপক্ষে ম্যাচেও তিনি খেলতে অস্বীকৃতি জানান।
রোনালদোর অভিযোগ, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ না করে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে। এমনকি আল ইত্তিহাদ থেকে ফরাসি তারকা করিম বেনজেমাকে আল হিলালে নেওয়ার প্রক্রিয়াও ঠেকানোর চেষ্টা করেন তিনি। তার মতে, এই পদক্ষেপ শিরোপা জয়ে আল হিলালকে এগিয়ে দিতে নেওয়া হয়েছে।
রোনালদো যদিও পুরো সপ্তাহজুড়েই দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবিও প্রকাশ করেছেন। তবে ক্লাবের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তার উপস্থিতি ছিল না।
রোনালদো স্পষ্ট করে দিয়েছেন, ক্লাব ব্যবস্থাপনার ক্ষমতা দ্রুত পুনর্বহাল এবং সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোর মতো হস্তক্ষেপ ভবিষ্যতে না হওয়ার নিশ্চয়তা মিললেই কেবল তিনি খেলায় ফিরবেন।
সম্প্রতি আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো ও সিইও জোসে সেমেদোকে পিআইএফ সাময়িক বরখাস্ত করলে ক্ষুব্ধ হন রোনালদো। একইসঙ্গে ক্লাবের ব্যয়ও কমানো হয়, যা শক্তিশালী দল গঠনে বাধা হয়ে দাঁড়ায়।
সূত্র জানায়, আল হিলাল ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পেয়ে স্কোয়াড শক্তিশালী করেছে। বেনজেমাসহ সাম্প্রতিক সব সাইনিংয়ের অর্থায়ন তার পক্ষ থেকেই হয়েছে।
২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব থাকলেও বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যাঘাতের আশঙ্কায় এখনই ক্লাব ছাড়তে চান না তিনি। তবে সৌদি প্রো লিগ তাদের সবচেয়ে বড় তারকাকে হারাতে চায় না। গ্রীষ্মে বড় বিনিয়োগের আশ্বাস দিয়েছে আল নাসর ও পিআইএফ। সম্ভাব্য শক্তিবৃদ্ধি হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেসের নাম আলোচনায় রয়েছে।
বর্তমানে সৌদি প্রো লিগের শীর্ষে থাকা আল হিলাল, আল নাসরের চেয়ে এক পয়েন্ট এগিয়ে।
সূত্র: ইএসপিএন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









