দীর্ঘ ১৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লর্ডসে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
বাংলাদেশ সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল। এরপর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে টাইগাররা।
সূচি ঘোষণার পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, “বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।”
এদিকে একই বছরে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফরে যাবে। সফরে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
ইংল্যান্ড পুরুষ বনাম বাংলাদেশ
২৮ মে-১ জুন: একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন
ইংল্যান্ড নারী বনাম বাংলাদেশ নারী
টি-টোয়েন্টি সিরিজ
৮ সেপ্টেম্বর : প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন
১০ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন
১২ সেপ্টেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার
ওয়ানডে সিরিজ
১৭ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে, হোভ
২১ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবুরি
২৪ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









