কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন উখিয়ার কুতুপালং এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পের বাসিন্দা জুস মোহাম্মদ (৩০) এবং আলিখালী এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস (৩৭)।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে টেকনাফের সাবরাং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়।
এর অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিকে ধাওয়া করেন। এ সময় নৌকায় থাকা চোরাকারবারিরা গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হন। অপর একজন রাতের অন্ধকারে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে চোরাকারবারিদের ব্যবহৃত নৌকাটি বিজিবির ফ্যান্টম বোটের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই অর্ধ নিমজ্জিত হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘‘আটক দুই রোহিঙ্গাকে উদ্ধার করা ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









