পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুন, একইসঙ্গে বিভিন্ন ব্যানারে রাজনৈতিক স্লোগান ও কয়েকজন জামায়াত নেতাকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
বৃস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। পরে সেখানে থাকা হাতে লিখিত বিভিন্ন কাগজ সম্বলিত ব্যানারে হুমকিমূলক ও আপত্তিকর লেখা দেখতে পান স্থানীয়রা নেতাকর্মীরা। এছাড়া নেতাকর্মীরা আরও একটি ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- এমন স্লোগান লেখা দেখতে পান।
এসময় সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান, যুব জামায়াতের সভাপতি রাকিব চাপরাশি ও সাধারণ সম্পাদক সাইফুলকে উদ্দেশ্য করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।
জেলা ছাত্রশিবির এর সাবেক সভাপতি মেহেদী হাসান জানান, দেশ থেকে ফ্যাসিষ্ট বিদায় নিয়েও তার অনুসারিরা এখনো মাধা চারা দিয়ে উঠেছে। সকালে আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে। আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। প্রশাসনের সুষ্ঠ তদন্ত আসা করি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









