পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবু বক্কর মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রণগোপালদী গ্রামের ৩ নম্বর ওয়ার্ড এলাকার একটি পরিত্যক্ত ভিটার বীজতলার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আবু বক্কর মৃধা রণগোপালদী গ্রামের বাসিন্দা এবং মৃত আতাহার মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে আবু বক্কর মৃধা নিখোঁজ ছিলেন। রাতভর তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে গ্রামের এক ব্যক্তি পরিত্যক্ত একটি ভিটার বীজতলার পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এগিয়ে যান। পরে মরদেহটি আবু বক্কর মৃধার বলে শনাক্ত করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে দশমিনা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে হঠাৎ করে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় রণগোপালদী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তাই তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করা ঠিক হবে না।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃত দেহটি উদ্ধার করে আনা আনা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









