২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে লিওনেল মেসি ও পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো-র মধ্যে হওয়া উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন পিনহেইরো।
পর্তুগালের ‘চ্যানেল ১১’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাঠে মেসির সঙ্গে হওয়া কথোপকথনকে অতিরঞ্জিত করার কিছু নেই। তার ভাষায়, অধিনায়ক ও রেফারির মধ্যে এমন আলোচনা ফুটবলের স্বাভাবিক অংশ।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে এক পর্যায়ে মেসি রেফারিকে উদ্দেশ করে বলেন, “আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন, অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মানের সাথেই কথা বলেছি।”
ম্যাচটির আগে ফিফার রেফারিং কমিটি সমালোচনার মুখে পড়ে, কারণ ইউরোপীয় রেফারি জোয়াও পিনহেইরোর দায়িত্বে ইউরোপের দল সুইজারল্যান্ড এবং দক্ষিণ আমেরিকার দল আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মেসির সঙ্গে হওয়া ঘটনাকে স্বাভাবিক বলেই ব্যাখ্যা করেছেন পিনহেইরো। তিনি বলেন, “মেসি বা অন্যান্য খেলোয়াড়রা মাঠে রেফারির কাজ কিছুটা কঠিন করে তোলেন ঠিকই, তবে অধিনায়কের সঙ্গে কথা বলা ফুটবলেরই অংশ। এটা বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা পর্তুগিজ লিগ—সব জায়গাতেই ঘটে।”
তিনি আরও বলেন, “কিন্তু লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বড় তারকা যুক্ত থাকলে ঘটনাগুলো একটু ভিন্নভাবে মূল্যায়ন করা হয়। আমরা তো সব কিছুতেই হলুদ কার্ড দেখাতে পারি না। অনেক সময় আলোচনার মাধ্যমেও পরিস্থিতি সামাল দেওয়া যায়।”
এদিকে, একই ম্যাচে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলো-কে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়। তবে সেই বিতর্ক নিয়ে সাক্ষাৎকারে বিস্তারিত মন্তব্য করেননি জোয়াও পিনহেইরো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









