অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬৩ রানের জবাবে ৩৫৫ রানে অলআউট হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে প্রথম ইনিংসে ৯২ রানের লিড পায় অস্ট্রেলিয়া একাদশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ২ উইকেটে ১৯ রান তুলেছে বাংলাদেশ।
ডারউইনের মারার ওভালে বাংলাদেশের ২৬৩ রানের জবাবে প্রথম দিন শেষে ১২ ওভারে ২ উইকেটে ৫১ রান করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ৮ উইকেট হাতে নিয়ে ২১২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা।
দ্বিতীয় দিন মিডল অর্ডার ব্যাটার টিগ উইলির সেঞ্চুরিতে লিড নিয়ে ৩৫৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া একাদশ। ১৬টি চারে ১৭৭ বলে ১৩০ রান করেন উইলি। এছাড়া জ্যাক ডোরান ৭৬ ও অধিনায়ক কার্টিস প্যাটারসন ৫৩ রান করেন।
বাংলাদেশের হাসান মাহমুদ ৪২ রানে ৪টি, তাসকিন ও মিরাজ ২টি করে উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৫ ওভার ব্যাট করে সাদমান ইসলাম ও মোমিনুল হককে হারিয়েছে বাংলাদেশ। সাদমান ও মোমিনুল ৬ রান করে বিদায় নেন। ৭ রানে অপরাজিত আছেন ওপেনার তানজিদ হাসান।
অস্ট্রেলিয়ার ক্যাম্পবেল থমসন ২ উইকেট শিকার করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









