উত্তর আফ্রিকার এই দুই দেশই মহাদেশের প্রথম দল হিসেবে ব্রাজিলে অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নিল।
উত্তর আফ্রিকার ফুটবলে রাতটি ছিল উদযাপনের। স্বাগতিক মরক্কো ও আলজেরিয়া শুধু উইমেনস আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে তা নয়, নিশ্চিত করেছে ২০২৭ বিশ্বকাপের টিকিটও।
শনিবার (৯ আগস্ট) কোয়ার্টার ফাইনালে দুই দল জয় পেয়েছে দুই ভিন্ন গল্পে। রাবাতে মরক্কো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই গোলের লিড নেয়, পরে দৃঢ় রক্ষণে সেটি ধরে রেখে জয় পায় ২-১ গোলে। অন্যদিকে কাসাব্লাঙ্কায় আইভরি কোস্টের কাছে শুরুতে পিছিয়ে পড়েছিল আলজেরিয়া। কিন্তু প্রতিপক্ষের একজন খেলোয়াড় লাল কার্ড দেখার পর ম্যাচের নিয়ন্ত্রণ বদলে যায়। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া।
বুধবার সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন নাইজেরিয়া অথবা ক্যামেরুন। আলজেরিয়ার সামনে থাকবে ঘানা অথবা জায়ান্ট কিলার মালাউই।
উত্তর আফ্রিকার কোনো দেশ এখনো আফ্রিকার নারী ফুটবলের এই বড় শিরোপা জিততে পারেনি। নাইজেরিয়া ১০ বার চ্যাম্পিয়ন হয়ে আসরটিতে আধিপত্য ধরে রেখেছে। ১৯৯৮ সালে টুর্নামেন্ট শুরুর পর নাইজেরিয়া ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে কেবল নিরক্ষীয় গিনি দুইবার এবং দক্ষিণ আফ্রিকা একবার।
চার বছর আগে দক্ষিণ আফ্রিকার কাছে ফাইনালে হারা মরক্কো ৩১ মিনিটে এগিয়ে যায়। সাকিনা উজরাউই টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে হানানে আইত এল হাজ পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৭ মিনিটে দক্ষিণ আফ্রিকার তারকা থেমবি কগাতলানা একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরান।
কাসাব্লাঙ্কায় ২৯ মিনিটে ইনেস কোনানের গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। কিন্তু বিরতির আগেই কিশোরী এনসিরা ওয়েদ্রাওগো লাল কার্ড দেখলে তারা ১০ জনের দলে পরিণত হয়।
এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আলজেরিয়া। ৬০ মিনিটের আগে ও পরে মাত্র ছয় মিনিটের ব্যবধানে বদলি ইনেস খিরি ও আমিরা ব্রাহাম দুটি গোল করে দলকে এগিয়ে দেন। মাঝখানে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আইভরি কোস্ট, কিন্তু রেবেকা এলোহর শট পোস্টে লাগে।
১৮ বছর বয়সী ওয়েদ্রাওগোর লাল কার্ডই হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। প্রথমার্ধে দাপট দেখানো আইভরি কোস্ট এরপর সেই নিয়ন্ত্রণ হারায়। প্রথম ৪৫ মিনিটে গোলের তেমন সুযোগই তৈরি করতে না পারা আলজেরিয়া বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এবং ব্যবধান আরও বড় করার মতো যথেষ্ট সুযোগও তৈরি করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









