পালমেইরাসের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দরকার ছিল সান্তোসের। কোপা দো ব্রাজিলের প্রথম লেগে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে নেইমার জুনিয়রের দল। এর সঙ্গে বড় ধাক্কা হয়ে এসেছে দলের প্রধান তারকার চোট।
সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডান উরুতে ব্যথা অনুভব করেন নেইমার। বিরতি পর্যন্ত মাঠে থাকলেও পরে আর খেলায় ফিরতে পারেননি। ড্রেসিংরুমে যাওয়ার পথে চোখের পানি মুছতে দেখা যায় ৩৪ বছর বয়সী এই তারকাকে।
চোটের জন্য ভিলা বেলমিরোর অসমান মাঠকেই দায়ী করেছেন নেইমার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠকর্মীদের ব্যঙ্গ করে তিনি বলেন, ম্যাচের আগের দিন মাঠের মাটি আলগা করার কারণে মাঠটি গর্তে ভরে গিয়েছিল এবং এটি ছিল ভিলা বেলমিরোর দেখা সবচেয়ে খারাপ মাঠ।
নেইমারের অভিযোগ, প্রতিপক্ষের পাশাপাশি তাদের মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে। অসমান মাঠে দৌড়ানোর সময় গতি বাড়ানো ও থামতে খেলোয়াড়দের বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রথমার্ধেই সান্তোসের তিন খেলোয়াড় চোট পাওয়ার কথা উল্লেখ করে মাঠকর্মীদের ব্যঙ্গাত্মকভাবে ‘অভিনন্দন’ জানান নেইমার।
চোটের মাত্রা নিশ্চিত করতে নেইমারের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সান্তোস কোচ কুকা জানিয়েছেন, নেইমারকে ছাড়াই দলকে সামলাতে হবে। পালমেইরাসের বিপক্ষে ম্যাচে নেইমার ছাড়াও উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমো চোট পেয়েছেন।
চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন নেইমার। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটি বর্তমানে লিগ টেবিলের ১৪তম স্থানে রয়েছে। এর আগের মৌসুমেও চোট ও ফিটনেস সমস্যার মধ্যেই দলটিকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









