পাকিস্তান জাতীয় দলের তিন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। তলব পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওপেনার ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
জানা গেছে, মোবাইল ফোন থেকে পাওয়া বিভিন্ন তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ক্রিকেটারদের নোটিশ পাঠিয়েছে এনসিসিআইএ।
সূত্রের দাবি, এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেয়। পরে ফোন দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর তদন্তের অংশ হিসেবে দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় এনসিসিআইএ।
তবে কী কারণে পিসিবি ওই দুই ক্রিকেটারের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়েছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে পরাজয়ের পর লর্ডসে হারের ঘটনায় জরুরি পদক্ষেপ নেয় পিসিবি।
এরই ধারাবাহিকতায় জাতীয় দল থেকে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেওয়া হয়েছে।
দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।
তবে তিন ক্রিকেটারকে এনসিসিআইএ তলবের বিষয়টি দলের সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









