নারী এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা থেমেছে সেমিফাইনালে। ভারতের কাছে ৪০ রানের হারের ম্যাচেও ফুটে উঠেছে সেই পুরোনো সমস্যা—ব্যাটিং ব্যর্থতা। ব্যাটাররা আরও একবার ব্যর্থ হওয়ায় ফাইনালে ওঠা হয়নি নিগার সুলতানা জ্যোতিদের।
ভারতের করা ১৪৯ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১০৯ রানে। বাংলাদেশকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটেছে হারমানপ্রীত কৌরের দল।
সংবাদ সম্মেলনে হারের দায়টা ব্যাটারদের কাঁধেই চাপালেন জ্যোতি। তিনি বলেন, ‘এটা (ব্যাটিং ব্যর্থতা) দীর্ঘদিন ধরেই আমাদের বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত ২ ম্যাচে যারা রান করেছে, এবার তারা রান পায়নি। রানের এই অধারাবাহিকতাই আমাদের ভোগাচ্ছে। বোলাররা গত ৩ ম্যাচে ভালো করেছে। আমরা ভুগছি ব্যাটিং ব্যর্থতার কারণে। উইকেট অবশ্য একটু ধীরগতির ছিল। ব্যাট করার জন্য এত সহজ ছিল না।
বোলারদের পারফরম্যান্সে খুশি হলেও কিছু রান বেশি হয়েছে বলে স্বীকার করেছেন জ্যোতি। তিনি বলেন, ‘আমরা ওদের ১৩০ রানের মধ্যে আটকে রাখার কথা ভেবেছিলাম। গত কয়েক ম্যাচে যেভাবে বোলিং-ফিল্ডিং করেছি, সেটা হয়নি। আমরা উইকেটও বিলিয়ে এসেছি। এতে রান তাড়া কঠিন হয়ে যায়। মাঝখানে আমরা ঠিকই নিয়ন্ত্রণ রেখেছিলাম। স্পিনাররা পরিকল্পনা অনুযায়ী বল করেছে। ১৩০-১৩৫ রানেই ওদের আটকে রাখা যেত, তাহলে ব্যাটিং ইউনিটের সামনে ভিন্ন দৃশ্যপট থাকত।’
ভারতের ইনিংসে বাংলাদেশের ফিল্ডাররা চারটি ক্যাচ ছেড়েছেন। এরপরও ফিল্ডারদের প্রশংসা করেছেন জ্যোতি। তিনি বলেন, ‘আমরা ভালো ফিল্ডিংই করেছি। এই বিভাগেই বাকি দুই বিভাগের চেয়ে ভালো করেছি। বোলাররা ভালোই তো করছে। ভারত অনেক ভালো ব্যাটিংও করছিল। শেষদিকে অনেক রান তুলেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









