টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়ে শেষ আটের টিকিট কেটেছে ক্যারিবীয়রা।
মুম্বাইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল নেপালের ব্যাটিং। ২৩ রানে চার আর ৪৬ রানে পাঁচ উইকেট হারায় দলটি। সেখান থেকে দলটি একশ পার করে দীপেন্দ্র সিং ঐরি ও সোমপাল কামির ব্যাটিং জুটিতে।
দীপেন্দ্র শেষ ওভারে আউট হওয়ার আগে ৩টি করে চার ও ছক্কায় ৪৭ বলে করেন ৫৮ রান। সোমপালের ব্যাট থেকে আসে ১৫ বলে ৪টি চারের সাহায্যে ২৬ রান। এতে দলটি ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান তুলে।
জেসন হোল্ডার ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া কেউ একটির বেশি উইকেট নিতে পারেননি।
রান তাড়া করতে নেমে ক্যারিবীয়রা উদ্বোধনী জুটি থেকে পায় ৪৩ রান। ব্রান্ডন কিং ১৭ বলে ৪টি চারে ২২ রান করে ফেরার পর হেটমায়ারকে নিয়ে বাকি কাজ সারেন অধিনায়ক হোপ। ৪৪ বলের ইনিংসে ৫ চার ৩ ছক্কায় ৬১ রানে, হেটমায়ার ৩২ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪৬ রান করে অপরাজিত থাকেন।
শাই হোপ ও হেটমায়ারের ৯১ রানের জুটিতে চড়ে মাত্র ১ উইকেটে হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। অপর দিকে টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নেপালের।
‘সি’ গ্রুপে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের পর নেপালকে হারিয়ে ক্যারিবীয়দের পয়েন্ট ৩ ম্যাচে ৬। সমান ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৪। ৩ ম্যাচ খেলা স্কটল্যান্ড ও ২ ম্যাচ খেলা ইতালির পয়েন্ট ২ করে। আর ৩ ম্যাচের সব কটিতে হেরে আনুষ্ঠানিকভাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নেপালের।
সংক্ষিপ্ত স্কোর:
নেপাল: ২০ ওভারে ১৩৩/৮। ওয়েস্ট ইন্ডিজ: ১৫.২ ওভারে ১৩৪/১। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: জেসন হোল্ডার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









