এশিয়ান গেমসের নারী ফুটবলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ।
প্রথমার্ধেই ৭ গোল হজম করেন মারিয়া মান্দারা। পুরো ম্যাচে উত্তর কোরিয়ার সামনে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা। আন্তর্জাতিক ফুটবলে এর আগে এত গোল হজম করে হারেনি বাংলাদেশ নারী দল।
জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে শুরু থেকেই একের পর এক আক্রমণে বাংলাদেশকে দিশেহারা করে তোলে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই বাংলাদেশের জালে সাতবার বল জড়ায় তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা কমে এলেও আরও তিন গোল করে ব্যবধান ১০-০ করে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার জন রং, চাই উন ও কিম কিয়ং করেছেন জোড়া গোল। ম্যাচের ষষ্ঠ মিনিটে জন রং গোল করে গোল উৎসবের শুরু করেন। ১০ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। এর আগে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেছিলেন রি সং। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়।
১২ মিনিটে ব্যবধান ৩-০ করেন হোয়াং ইউ। ১৮ মিনিটে চতুর্থ গোল করেন চাই উন। ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-০ করেন তিনি। এরপর ৪০ ও ৪৩ মিনিটে জোড়া গোল করে প্রথমার্ধেই উত্তর কোরিয়ার ব্যবধান ৭-০ করেন কিম কিয়ং।
প্রথমার্ধেই উত্তর কোরিয়া যে দাপট দেখিয়েছে, তাতে দ্বিতীয়ার্ধে তারা আরও কত গোল করতে পারে কিংবা বাংলাদেশ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে কি না, সেটিই ছিল দেখার বিষয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









