বিপিএলে দুর্নীতির অভিযোগ আরও দুই কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অভিযুক্ত দুই কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতিবিরোধী বিধিমালার বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত দুজন হলেন মো. আব্দুল কাইয়ুম রাশেদ ও মো. আমিন খান।
আব্দুল কাইয়ুম রাশেদ দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিক ছিলেন। আর আমিন খান একাদশ আসরে দুর্বার রাজশাহী এবং দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের দলীয় কর্মকর্তা (অপারেশন-ম্যানেজার) ছিলেন।
বোর্ড জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের পরিচালিত তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরকে ঘিরে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য প্রকাশে ব্যর্থতা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানোর অভিযোগ রয়েছে।
আব্দুল কাইয়ুম রাশেদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতিবিরোধী বিধিমালার ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অনৈতিকভাবে ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতির প্রস্তাবের বিষয়ে দুর্নীতি দমন কর্মকর্তাকে অবহিত না করা এবং তদন্তের কাজে অসহযোগিতা করা।
অন্যদিকে আমিন খানের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতিতে প্ররোচনা দেওয়া, তদন্তে অসহযোগিতা করা এবং প্রমাণাদি ধ্বংস করা বা তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত দুই কর্মকর্তা নিয়ম অনুযায়ী জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় পাবেন। এর আগে আরও কয়েকজন কর্মকর্তার নাম প্রকাশ করেছিল বিসিবির দুর্নীতিবিরোধী বিভাগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









