সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে ঘিরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করার কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথোপকথন শোনা যায়।
অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরলে কোনো সমস্যা হবে না। পাশাপাশি তিনি বলেন, রাস্তার পুলিশ কতটা দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।
অডিওতে পুলিশের কিছুই করার সক্ষমতা নেই—এমন বক্তব্যও শোনা যায়।
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে প্রত্যাহারের আদেশ দেয় ডিএমপি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









