এশিয়ান গেমসের সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নিতে চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সেই ম্যাচ ঘিরে নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠে পৌঁছে যায় পুরো দল। কিন্তু মাঠে গিয়ে প্রতিপক্ষের অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে; বরং অপেক্ষা করতে হয়েছে ম্যাচটি কেন হচ্ছে না, সেই উত্তর জানতে।
স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৭টার মধ্যেই মাঠে পৌঁছে যায় টাইগ্রেসরা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চীনা দলের কোনো দেখা মেলেনি। একপর্যায়ে জানা যায়, চীন ম্যাচটি খেলতে আসছে না। ফলে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। প্রতিপক্ষ ছাড়াই মাঠে অনুশীলন করে সেমিফাইনালের প্রস্তুতি নিতে হয় বাংলাদেশ দলকে।
মাঠে পৌঁছানোর পরই বদলে যায় পরিস্থিতি। কিউরেটরের কাছ থেকে বাংলাদেশ জানতে পারে, নির্ধারিত ম্যাচটি হচ্ছে না। কিছুক্ষণ পর নিশ্চিত হওয়া যায়, চীন ম্যাচ খেলতে মাঠে আসছে না।
এ প্রসঙ্গে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে– খেলা হবে না। কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি।’
ঘটনাটি বিস্মিত করেছে এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদকেও। তিনি বলেন, ‘ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হই। সব কিছু সম্পন্ন করে এখন তারা আসেনি, এটি আমি ওসিএকে জানিয়েছি।’
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল চীন। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ মাঠে গড়ায়নি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ সরাসরি উঠে যায় সেমিফাইনালে।
এবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না পেলেও চীনের বিপক্ষে নির্ধারিত ম্যাচের সময়টুকু অনুশীলন করেই কাজে লাগিয়েছে বাংলাদেশ দল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









