চেন্নাইয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার তরুণ ব্যাটার যুবরাজ সিং সামরার রেকর্ডগড়া সেঞ্চুরিও শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেনি। দাপুটে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ২৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্টের ষষ্ঠ দল হিসেবে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে।
ব্যাট করতে নেমে এবারের আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করায় কানাডা, ৪ উইকেটে ১৭৩ রান। তবে লক্ষ্য তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডকে, ১৫.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে সহজ জয় নিশ্চিত করে। এর ফলে ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ আটে উঠল নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দুই ওপেনার- টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেন (২১) ফিরে যান। এরপর রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। দুজন মিলে ৭৩ বলে অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটি গড়ে সহজ জয় নিশ্চিত করেন।
রাচিন রবীন্দ্র ৩৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৯ রান করেন। অন্যদিকে গ্লেন ফিলিপস মাত্র ২২ বলে ফিফটি ছুঁয়ে শেষ পর্যন্ত ৩৬ বলে ৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
এর আগে কানাডার ইনিংসে ওপেনিং জুটিতেই আসে শতরানের বেশি। যুবরাজ সিং সামরা ও দিলপ্রীত বাজওয়া মিলে ১১৬ রানের জুটি গড়েন। ১৪তম ওভারের শেষ বলে ৩৬ রানে আউট হন দিলপ্রীত, তখন দলের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৫৩। তবে অধিনায়কের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে কানাডা, চতুর্থ উইকেট পড়ে ১৬৪ রানে।
তবু ইনিংসের উজ্জ্বলতম নায়ক ছিলেন সামরা। ৫৮ বলে সেঞ্চুরি করে তিনি বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েন। শেষ পর্যন্ত ৬৫ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১১০ রান করে আউট হন এই তরুণ ব্যাটার। তার অসাধারণ ইনিংস সত্ত্বেও বড় লক্ষ্য রক্ষা করতে পারেনি কানাডা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









