৪১ বছর বয়সেও অর্জনের পথে থামেনি লুকা মদ্রিচ। উয়েফা নেশন্স লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জয়ে ক্রোয়েশিয়ার সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন তিনি। অথচ ম্যাচের কয়েক ঘণ্টা আগেও তার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা ছিল।
তীব্র জ্বরে ভুগছিলেন মদ্রিচ। এ কারণে ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা ছিল। এমনকি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও অংশ নেননি তিনি। তবে মাঠে নেমে দলের জন্য নিজের সেরাটাই উজাড় করে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের বাইরে বল রিসিভ করে ডান পায়ের জোরালো শটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন মদ্রিচ। ম্যাচের ৪৭ মিনিটে করা সেই গোলের মাধ্যমে ক্রোয়েশিয়ার সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার বনে যান তিনি।
বয়সের কারণে এবারই প্রথম কোনো রেকর্ড গড়লেন না মদ্রিচ। ২০২৪ ইউরোতে ৩৮ বছর ২৮৯ দিন বয়সে ইতালির বিপক্ষে গোল করে প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা হয়েছিলেন তিনি।
তবে মদ্রিচের গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেনি ক্রোয়েশিয়া। তার গোলের সাত মিনিট পর অ্যাডাম কারাবাক গোল করে চেক প্রজাতন্ত্রকে সমতায় ফেরান।
এরপর ম্যাচে আবারও লিড নেওয়ার চেষ্টা করে ক্রোয়েশিয়া। শেষ দিকে কাঙ্ক্ষিত গোলটি পায় তারা। ইভান পেরিশিচের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে ২-১ করেন মার্কো পাশালিচ। শেষ পর্যন্ত তার গোলেই গ্রুপ এ৩-তে প্রথম তিন পয়েন্ট নিশ্চিত করে ক্রোয়েশিয়া।
জয়সূচক গোলের কিছুক্ষণ আগেই মদ্রিচকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। প্রাগের দর্শকেরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে বিদায় জানান। কয়েক ঘণ্টা আগেও জ্বরের কারণে যার মাঠে নামাই অনিশ্চিত ছিল, তার জন্য মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









