দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দলে নিক ম্যাডিনসনকে যুক্ত করেছে অস্ট্রেলিয়া। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার অণ্ডকোষের ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন। সেই চিকিৎসার এক বছরের কিছু বেশি সময় পরই তার সামনে টেস্ট ক্রিকেটে ফেরার সুযোগ এসেছে।
ম্যাডিনসনের সঙ্গে দলে ডাক পেয়েছেন বিকল্প উইকেটরক্ষক স্যাম হার্পার। আঙুলে চোট পাওয়ায় প্রথম টেস্ট খেলতে পারবেন না জশ ইঙ্গলিস। এ কারণেই দুজনকে দলে নেওয়া হয়েছে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৯ অক্টোবর, ডারবানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেটের পেশিতে চোট পেয়েছেন ক্যামেরন গ্রিন। সফরকারী দলের এই অলরাউন্ডারের অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘স্যাম আমাদের উইকেটকিপিংয়ে বিকল্প দিচ্ছে, কারণ জশ সেরে ওঠার পথে আছে। আর নিক ব্যাটিং অর্ডারের যেকোনো জায়গায় খেলার সুযোগ দিচ্ছে।’
২০১৬ সালে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট খেলেছিলেন ম্যাডিনসন। এরপর প্রায় এক দশক টেস্ট ক্রিকেটের বাইরে তিনি। গত বছর ক্যানসার ধরা পড়ার পর কেমোথেরাপি নিয়েছেন। এরপর এখনো কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি।
গত মৌসুমে শেফিল্ড শিল্ডেও খেলেননি ম্যাডিনসন। তবে চলতি মৌসুমের জন্য বাঁহাতি এই ব্যাটারকে নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক করা হয়েছে। গত সপ্তাহে ওয়ানডে কাপে সেঞ্চুরিও করেছেন তিনি।
এদিকে স্যাম হার্পার প্রথমবার অস্ট্রেলিয়ার মূল দলে ডাক পেয়েছেন। সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে থাকা এই উইকেটরক্ষক অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও সেঞ্চুরি করেছেন। প্রথম পছন্দের উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির বিকল্প হিসেবে দলে থাকবেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









