ভারতীয় ফুটবলে আজ হতে যাচ্ছে ঐতিহাসিক এক দিন। আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হবে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল।
শনিবার (৩ অক্টোবর) কলকাতার আইকনিক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (ভিওয়াইবিকে) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে দুই দল।
সাম্প্রতিক ম্যাচে পানামার বিপক্ষে ড্র করেছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে টাউনসভিলে ১-১ গোলে ড্র করার পর ব্রিসবেনে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল।
ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ ভারতের জন্য নিজেদের সামর্থ্য যাচাইয়েরও বড় পরীক্ষা। ‘ব্লু টাইগার্স’ নামে পরিচিত ভারতীয় দল এই প্রথম ব্রাজিলের মুখোমুখি হচ্ছে।
ম্যাচের এক দিন আগে শুক্রবার কলকাতায় পৌঁছে ভিওয়াইবিকে স্টেডিয়ামে অনুশীলন করেছে ব্রাজিল দল। পরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে একসঙ্গে হাজির হন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও ভারতের কোচ খালিদ জামিল।
ব্রাজিলের সম্ভাব্য একাদশে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ব্রুনো গিমারায়েসদের দেখা যেতে পারে। ভারতের হয়ে মাঠে নামতে পারেন রায়ান উইলিয়ামস, গুরপ্রীত সিং সান্ধু, সাহাল আবদুল সামাদ, আনোয়ার আলী ও বিজয় ভার্গিজ।
বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে ভারত-ব্রাজিলের এই ঐতিহাসিক ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্কের সনি স্পোর্টস ২, সনি স্পোর্টস ৩, সনি স্পোর্টস ৪ ও সনি আথ।
এ ছাড়া সক্রিয় সাবস্ক্রিপশনের মাধ্যমে সনিলিভ অ্যাপ ও ওয়েবসাইটেও ম্যাচটি সরাসরি দেখা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









