এশিয়ান গেমস খেলতে জাপান গিয়েও জ্বরের কারণে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। এরপর দেশে ফিরে সময়মতো সংযুক্ত আরব আমিরাতেও যেতে পারেননি তিনি। তবে সব শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত সন্ধ্যায় দেশ ছাড়ছেন শান্ত। সন্ধ্যা সাড়ে ৭টার একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে ৪ ও ৫ সেপ্টেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলছে টাইগাররা।
শুরুতে কথা ছিল, জাপানে এশিয়ান গেমস শেষে লিটন-শান্তরা সরাসরি আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু প্রচণ্ড জ্বরে শেষ পর্যন্ত শান্তকে দেশে পাঠানো হয়। এরপর থেকেই সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি।
শান্তর একাধিক পরীক্ষা করানো হয়েছে, সবগুলোতেই ফল নেগেটিভ এসেছে। একমাত্র চিন্তার জায়গা ছিল ফিটনেস নিয়ে। গতকাল অনুশীলন করেছেন কোনো সমস্যা ছাড়াই। এরপর ফিটনেস পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন তিনি।
এরপরই সিদ্ধান্ত হয়েছে, আরব আমিরাতে যাবেন শান্ত। তবে প্রস্তুতি ম্যাচ অবশ্য খেলতে পারেননি তিনি। আবু ধাবিতে মাত্র দুই দিনের প্রস্তুতি নিয়েই টেস্টে মাঠে নামতে হবে তাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









