টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এবারের আসরে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিল দলটি। বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে খেলা নিশ্চিত করার পাশাপাশি আজ কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কাকেও ৬ উইকেটে হারিয়েছে সিকান্দার রাজার দল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে। এতে চার ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে সুপার এইটে যায় রাজার দল।
টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৮ রান করে শ্রীলংকা। দলের হয়ে ৪১ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। এছাড়া ২৫ বলে তিন চার আর দুই ছক্কায় ৪৪ রান করেন প্রভিন রত্নায়েকে। জিম্বাবুয়ের লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার ২৭ রানে ২ উইকেট নেন।
টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ৮.৩ ওভার ৬৯ রানের জুটি গড়ে দলের জয়ে ভীত গড়ে দেন ব্রাইন বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। ২৬ বলে ৫টি চার আর এক ছক্কায় ৩৪ রান করে ফেরেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ওপেনার ব্রায়ান বেনেট ৪৮ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১২ বলে দুই চার আর এক ছক্কায় ২৩ রানের ইনিংস খেলে ফেরেন রায়ান বার্ল। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২৬ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে রেখে আউট হন অধিনায়ক সিকান্দার রাজা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭৮/৭ (নিশাঙ্কা ৬২, রত্নানায়েকে ৪৪; ক্রিমার ২/২৭, ইভান্স ২/৩৫)।
জিম্বাবুয়ে: ১৯.৩ ওভারে ১৮২/৪ (বেনেট ৬৩, রাজা ৪৫; হেমন্ত ২/৩৬, শানাকা ১/২৬)।
ফল: জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা: সিকান্দার রাজা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









