টি–টুয়েন্টি বিশ্বকাপে অন্তবর্তী সরকার ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কারণে তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সর্বশেষে গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ জাতীয় দল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১১ মার্চ মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
বিসিবির প্রকাশিত সূচি অনুসারে, পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসবে ৯ মার্চ। দুই দিন পরই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৫ মার্চ। সব ম্যাচই দিবারাত্রির, খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে। মিরপুরে সিরিজের তিন ওয়ানডে শেষে পাকিস্তান দল ঢাকা ছাড়বে ১৬ মার্চ।
এই সিরিজ দিয়েই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ শুরু হবে বাংলাদেশের। বিশ্বকাপে সরাসরি জায়গা করতে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা ৯–এ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ নম্বরে।
সব মিলিয়ে এ বছর ২৩টি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









