বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামালকে মাথা দিয়ে আঘাত করার ঘটনায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল বেতিসের মিডফিল্ডার ফাকুন্দো বার্নাল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি তার আচরণকে আক্রমণাত্মক হিসেবে বিবেচনা করে এই শাস্তি দিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার পর বার্নালের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ম্যাচের ৫৪তম মিনিটে বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেসের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে সতীর্থের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন ইয়ামাল। তখনই তার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বার্নাল। প্রথমে ইয়ামালকে শক্ত করে চেপে ধরেন তিনি। এরপর পরপর দুবার ইয়ামালের মুখে মাথা দিয়ে আঘাত করেন বেতিসের এই মিডফিল্ডার।
ঘটনাটি দেখে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনিগোইচিয়া বার্নালকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। ফলে ম্যাচের বাকি সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় রিয়াল বেতিসকে।
রেফারির ম্যাচ প্রতিবেদনে বলা হয়, বল খেলার বাইরে থাকা অবস্থায় বার্নাল প্রতিপক্ষের ঘাড়ে হাত দেন এবং দ্রুত পরপর দুবার তার মুখে মাথা দিয়ে আঘাত করেন। এই প্রতিবেদনের ভিত্তিতে স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলাবিধির ১০৩ নম্বর ধারা অনুযায়ী শাস্তি নির্ধারণ করে কমিটি।
নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে আঘাত না করেও শারীরিকভাবে আক্রমণ করার অপরাধে চার থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। ঘটনাটি বল খেলার বাইরে ঘটায় শৃঙ্খলা কমিটি একে সাধারণ বাকবিতণ্ডা হিসেবে বিবেচনা করেনি। বরং শৃঙ্খলাভঙ্গের গুরুতর ঘটনা হিসেবে বিবেচনা করে বার্নালকে সর্বনিম্ন চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









