বাংলাদেশে প্রথমবারের মতো নারীদের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলেও সূচিতে পরিবর্তন আসতে পারে। আগামী ৩–১৫ এপ্রিলের বদলে মার্চের শেষ সপ্তাহেই শুরু হতে পারে নারী বিপিএলের প্রথম আসর।
রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় টুর্নামেন্ট আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
দল গঠনের ক্ষেত্রে প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে নিলাম পদ্ধতির দিকেই এগোচ্ছে বিসিবি। এতে বিদেশি নামী ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনাও জোরালো হয়েছে। বিশ্বের জনপ্রিয় নারী ফ্র্যাঞ্চাইজি লিগ উইমেনস প্রিমিয়ার লিগ (ভারত), উইমেনস বিগ ব্যাশ লিগ (অস্ট্রেলিয়া) ও দ্য হান্ড্রেড (ইংল্যান্ড) এর পথ অনুসরণ করেই বাংলাদেশও আনছে নিজেদের নারী ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা।
প্রথম আসরে তিনটি দল নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হবে টুর্নামেন্টটি। নারী বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









