শূন্য রানে বেঁচে যাওয়া জশুয়া ডা সিলভা বেশি দূর যেতে পারলেন না। তাসকিন আহমেদের দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি।
স্টাম্পে থাকা ডেলিভারির লাইনে যেতে পারেননি ডা সিলভা। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প্যাডে। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ না নিয়েই ফেরেন তিনি। নিলেও কাজ হতো না, বল লাগতো মিডল স্টাম্পের মাঝখানে। ১৭ বলে ১২ রান করেন ডা সিলভা। শূন্য রানে তার ক্যাচ ছেড়েছিলেন সাদমান ইসলাম।
এর আগে হাসান মাহমুদের করা দ্বিতীয় ওভারে সেকেন্ড স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন জশুয়া ডি সিলভা। কিন্তু সেটি হাতে পড়লেও আটকে রাখতে পারেননি সাদমান। ব্রেকথ্রু পেতে অবশ্য বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পঞ্চম ওভারে তাসকিনের প্রথম ডেলিভারি ছিল ফুলার লেন্থে, যা মিডউইকেটে ফ্লিক করতে চেয়েছেন কিং। কিন্তু বল বাঁক খেয়ে তাকে ফাঁকি দিয়ে ভেঙেছে দুটি স্টাম্প।
১৮ বলে ৯ রান করেই ফিরলেন কিং। ১৩ রানে ক্যারিবীয়রা প্রথম উইকেট হারাল। ১ রানের ব্যবধানে ওয়ানডাউনে নামা হজও ফিরেছেন প্রায় একইভাবে। পরের ওভারে তার জন্য হাসানের করা একটি ইনসুইং অফ স্টাম্পের ওপর দিয়ে যায়। তিনি সেটি ছেড়ে দিয়েছিলেন। একইভাবে এক বলের ব্যবধানে আরেকটি ডেলিভারি ছেড়ে দেওয়ার চেষ্টা করতেই বল স্কিড করে তার মিডল স্টাম্পের বেলে আঘাত করে। ১ রানেই থামলেন হজ।
এর আগে একাদশে দুটি করে পরিবর্তন নিয়ে সিলেট টেস্টে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল খেলছেন না সিলেট টেস্ট। তাদের জায়গায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা এবং অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের।
৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ২৮। ক্রিজে অভিষিক্ত কেভিন উইকহ্যামের সঙ্গী আমির জাঙ্গু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









