ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে হিমাংশু দাস (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাতে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেওয়ার পর তাকে আটক করা হয়। তার পাসপোর্টে দেশত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত স্টপ লিস্ট ছিল। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
আটক হিমাংশু দাস বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন হিমাংশু। এ সময় পুলিশের অভ্যন্তরীণ তথ্যভান্ডারে তার পাসপোর্টে স্টপ লিস্টের তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।
আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, ইমিগ্রেশন পুলিশ আটক আওয়ামী লীগ নেতাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









