পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে করে পাচারের সময় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পল্লী বিদ্যুতের এক কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাংস বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও পুলিশ জব্দ করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে কর্মরত বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে বহেরাতলা এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলে যাতায়াতকারী দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাঁদের থামিয়ে তল্লাশি করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। উদ্ধার করা মাংস সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করার পর দুজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









