খেলার গতি বাড়ানো এবং ইচ্ছাকৃত সময়ক্ষেপণ কমাতে নতুন কয়েকটি নিয়ম চালুর পথে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।
সবচেয়ে আলোচিত প্রস্তাব- থ্রো-ইন ও গোল কিক নেওয়ার জন্য ৫-সেকেন্ড কাউন্টডাউন। শনিবার ওয়েলসে অনুষ্ঠেয় আইএফএবির বার্ষিক সভায় নিয়মগুলো অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন মিললে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নতুন আইন, যদিও জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপেই পরীক্ষামূলক প্রয়োগ দেখা যেতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, থ্রো-ইন বা গোল কিক নিতে কোনো দল ইচ্ছাকৃতভাবে দেরি করলে রেফারি বাঁশি বাজিয়ে হাতের ইশারায় ৫-সেকেন্ড কাউন্টডাউন শুরু করবেন। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে বল যাবে প্রতিপক্ষের দখলে। আর গোল কিক নিতে দেরি করলে প্রতিপক্ষ পাবে কর্নার কিক।
এর আগে চলতি মৌসুমেই গোলকিপারদের দ্রুত বল ছাড়তে বাধ্য করতে ৮-সেকেন্ডের নিয়ম চালু করা হয়েছে। সেই নিয়ম কার্যকর হওয়ায় খেলার গতি আরও বাড়াতে নতুন সিদ্ধান্তগুলোর দিকে এগোচ্ছে আইএফএবি।
খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব রয়েছে। বদলি খেলোয়াড় মাঠে নামাতে সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের বেশি নিলে ওই খেলোয়াড়কে তখন নামানো যাবে না এবং দলকে অন্তত এক মিনিট একজন কম নিয়ে খেলতে হবে।
ফুটবলে ধারাবাহিকতা ও গতি বাড়াতে আইএফএবির এই উদ্যোগ ম্যাচ ব্যবস্থাপনা ও কৌশলে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









