সিলেট টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে গতি ও সুইংয়ে প্রতিপক্ষকে চাপে রাখলেও দ্বিতীয় ইনিংসে তেমন সুবিধা করতে পারছেন না তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তবে স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট তুলে নিয়েছেন। এরপরও প্রথম সেশন শেষে ৯৮ রানের লিড পেয়েছে সফরকারীরা।
মধ্যাহ্ন বিরতির আগে ৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২৮ রান। কাভেম হজ ৩০ ও কেভিন উইকহ্যাম শূন্য রানে অপরাজিত আছেন। এর আগে আউট হওয়া দুই ওপেনারই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ব্রেন্ডন কিং ৬১ এবং জশুয়া ডি সিলভা ৩৬ রান করে ফিরেছেন।
সিলেট টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশের দখলে নিয়ে এসেছিলেন তাওহীদ হৃদয়। যদিও স্বাগতিকদের শুরুটা ছিল বিপর্যস্ত। হৃদয়ের অবিশ্বাস্য ও ইতিহাসগড়া ২৪২ রানের ইনিংসে ভর করে নাজমুল হোসেন শান্তর দল প্রথম ইনিংসে ৩০ রানের লিড নেয়। পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নেমে ৭ রান করে দিন শেষ করে ক্যারিবীয়রা।
সেখান থেকেই আজ (রোববার) চতুর্থ দিনের খেলা শুরু হয়। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন দুই ক্যারিবীয় ওপেনার। তাদের ৮৫ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। তার বলে এলবিডব্লিউ হয়ে ৩৬ রান করে ফেরেন জশুয়া ডি সিলভা। ততক্ষণে অবশ্য ৫৫ রানের লিড নিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ওপেনিং সঙ্গী বিদায় নিলেও টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন ব্রেন্ডন কিং। কাভেম হজকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তিনি।
দ্বিতীয় উইকেটে তাদের ৩৪ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬১ রান করা কিংকে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচে পরিণত করেন তিনি। সামনের পায়ে এগিয়ে ডিফেন্স করতে গিয়ে বলটি তার ব্যাটের বাইরের কানায় লেগে যায়। মধ্যাহ্ন বিরতির আগে এই উইকেট বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি এনে দেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









