বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্লাবের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ডিফেন্ডার জাভি এসপার্টের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন এই স্প্যানিশ ফুটবলার।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ক্লাবের সদর দপ্তরে সভাপতি হোয়ান লাপোর্তার উপস্থিতিতে নতুন চুক্তিতে সই করেন তিনি।
২০১৫ সালে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন এসপার্ট। সেই থেকে তার ফুটবলজীবনের বেড়ে ওঠা এই ক্লাবকে ঘিরেই। এখন তার স্বপ্ন শুধু বার্সেলোনার মূল দলে জায়গা করে নেওয়া নয়, বরং দীর্ঘদিন ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে থাকা।
চুক্তি স্বাক্ষরের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এসপার্ট বলেন, ‘আমি বার্সেলোনায় পুরো ক্যারিয়ার কাটাতে চাই। এখানে পৌঁছানো কঠিন, কিন্তু এখানে টিকে থাকাও সমান কঠিন। এই ক্লাবেই নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চাই। বার্সেলোনা আমার জীবনের ক্লাব।’
তরুণ এই ডিফেন্ডারের ব্যক্তিগত স্বপ্নের পাশাপাশি রয়েছে দলীয় উচ্চাকাঙ্ক্ষাও। আর সেই স্বপ্নের কেন্দ্রে চ্যাম্পিয়নস লিগ। বার্সেলোনার হয়ে ষষ্ঠবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান তিনি। সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষা পূরণ করাও তাঁর কাছে বিশেষ কিছু।
এসপার্টের কথায়, ‘বার্সেলোনায় খেললে প্রতিটি শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এগোতে হয়। চ্যাম্পিয়নস লিগ এমন একটি ট্রফি, যার জন্য সবাই অপেক্ষা করছে। আমরা এটি জিততে চাই, ট্রফিটি হাতে নিয়ে ছবি তুলতে চাই।’
তবে আপাতত তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাঠে ফেরা। এল ক্লাসিকোয় পাওয়া গোড়ালির চোটে ছন্দে থাকা এই ডিফেন্ডারের অগ্রযাত্রা থেমে গেছে। নতুন বছর পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। ইনজুরি নিয়ে এসপার্ট বলেন, ‘এখন অনেক ভালো বোধ করছি। প্রথম দুই সপ্তাহ খুব কঠিন ছিল। তবে এখন উন্নতি হচ্ছে। তাড়াহুড়া করতে চাই না। পুরোপুরি সুস্থ হয়েই ফিরতে চাই।’
এ মৌসুমে তাকে বেশি দেখা গেছে লেফট ব্যাক পজিশনে। তবে দলের প্রয়োজনে যেকোনো জায়গায় খেলতে প্রস্তুত তিনি। ছোটবেলা থেকেই বার্সেলোনার খেলা দেখে বড় হয়েছেন এসপার্ট। বিশেষ করে মাঝমাঠে সের্হিও বুসকেতসের খেলা তার ফুটবলবোধ গঠনে প্রভাব ফেলেছে।
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক একসময় তাকে জার্মান কিংবদন্তি ফিলিপ লামের সঙ্গে তুলনা করেছিলেন। বায়ার্ন মিউনিখ ও জার্মানির হয়ে খেলা লাম ছিলেন কৌশলগত বুদ্ধিমত্তা, বহুমুখিতা এবং রক্ষণে একাধিক পজিশনে খেলার দক্ষতার জন্য পরিচিত। এমন একজনের সঙ্গে তুলনা পেয়ে বিস্মিত হয়েছিলেন এসপার্ট।

‘আমি এটাকে প্রশংসা হিসেবেই নিয়েছি। কিছুটা অবাকও হয়েছিলাম। তবে নিজের সঙ্গে কারও তুলনা করতে চাই না, বিশেষ করে লামের মতো একজনের সঙ্গে। তার ক্যারিয়ার অসাধারণ। কোচের এই মন্তব্য আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে,’ বলেন তিনি।
ফ্লিকের আস্থাও এসপার্টের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মূল দলে সুযোগ পাওয়া এবং নিজের সামর্থ্য দেখানোর ক্ষেত্রে কোচের সমর্থনের কথা স্বীকার করেছেন তিনি। এখন লক্ষ্য চোট কাটিয়ে ফেরা, তারপর মূল দলে নিজের জায়গা আরও শক্ত করা। বার্সেলোনায় তার ভবিষ্যৎ আপাতত নিশ্চিত। কিন্তু এসপার্টের স্বপ্ন আরও বড়—শৈশবের ক্লাবের হয়ে শুধু খেলাই নয়, একদিন এই ক্লাবের ভবিষ্যৎ নির্মাতাদের একজন হয়ে ওঠা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









