বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
রোববার (৮ মার্চ) এই সিরিজকে সামনে রেখে ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল।
পাকিস্তানের খেলোয়াড়রা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফুল দিয়ে তাদের বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশে স্বাগতম! বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ উপলক্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় এসেছে। মিরপুরে দুই দলই একটি দারুণ সিরিজ পার করবে, সেই আশা।’
২০১৫ সালের এপ্রিলে সর্বশেষ বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।
আগামী ১১ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ শুরুর আগে সোমবার এবং মঙ্গলবার দু’টি অনুশীলন সেশন করবে আফ্রিদির দল।
একই ভেন্যুতে সিরিজের শেষ দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ এবং ১৫ মার্চ।
পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদী (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









