বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তা ও বেঞ্চের গভীরতা পরখ করে নিতে এক সাহসী পরীক্ষা চালিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশ্যম। পুরো একাদশ পরিবর্তন করেও কলম্বিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে তাদের রিজার্ভ বেঞ্চও কতটা ভয়ংকর তার জানান দিলো ফ্রান্স।
রবিবার (২৯ মার্চ) দ্বিতীয় প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে পরিবর্তিত ফ্রান্স। ম্যাচে জোড়া গোল করেছেন তরুণ তারকা ডিসায়ার ডুয়ে।
চার দিনের মধ্যে দক্ষিণ আমেরিকার দুই দলের বিপক্ষে জয় তুলে নিয়ে ফ্রান্স তাদের যুক্তরাষ্ট্র সফরে বিশ্বকাপের আগে প্রস্তুতিতে দারুণ সাফল্য পেল। এর আগে তারা প্রথম ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করেছিল।
২০ বছর বয়সী ডুয়ে ম্যাচ শেষে বলেন, “বিশ্বকাপের আগে আমরা দুটি ভালো প্রস্তুতি ম্যাচ খেলেছি। আজ জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, আমরা সেটাই করেছি। আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
কোচ দিদিয়ের দেশ্যম এই ম্যাচে পুরো প্রথম একাদশই পরিবর্তন করেন। এটি ছিল মে মাসে বিশ্বকাপের দল ঘোষণার আগে তার শেষ ম্যাচ।
অন্যদিকে কলম্বিয়া প্রায় একই দল নিয়ে মাঠে নামে, যেখানে ছিলেন লুইস দিয়াজ ও হামেস রদ্রিগেজের মত তারকারা।
ম্যাচের ৩০তম মিনিটে ডুয়ের শট কলম্বিয়ার ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজের গায়ে লেগে জালে ঢুকে ফ্রান্সকে এগিয়ে দেয়।
প্রথমার্ধের শেষদিকে মার্কোস থুরাম হেডে ব্যবধান দ্বিগুণ হয়। ৫৬তম মিনিটে থুরামের পাস থেকে ডুয়ে তার দ্বিতীয় গোল করেন। এর কিছুক্ষণ পর জামিনটন কামপাজ একটি গোল পরিশোধ করেন।
এরপর বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি হাঁটুর চোট থেকে তিনি দলে ফিরেছেন। তাই তাকে পুরো ম্যাচে খেলানো হয়নি।
এর আগে ব্রাজিলের বিপক্ষে গোল করে এমবাপ্পে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে যান। বর্তমানে তার গোল সংখ্যা ৫৬, যা অলিভার গিরুদের ৫৭ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল কম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









