বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মোস্তাফিজই সবার শীর্ষে

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম

মোস্তাফিজই সবার শীর্ষে

টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে এখন উইকেট নেওয়ায় সবার ওপরে মোস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল শুক্রবার মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেট নিয়ে শীর্ষে ওঠেন তিনি। বর্তমানে টি-টোয়েন্টিতে মোস্তাফিজের উইকেটসংখ্যা ৪১৬।

রেকর্ডটি গড়ার পথে মোস্তাফিজ ছাড়িয়ে গেছেন এমন একজনকে, যাঁকে তিনি নিজের আদর্শ মানেন। ক্যারিয়ারের শুরুর দিকেই মোস্তাফিজ জানিয়েছিলেন, তাঁর আদর্শ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। সেই আমিরকে টপকেই এখন টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের রাজত্বটা নিজের করে নিলেন বাংলাদেশ পেসার।

আমিরের চেয়ে মোস্তাফিজ ম্যাচও খেলেছেন বেশ কম। ৩৫৬ ম্যাচে আমিরের উইকেট ৪১৪টি, মোস্তাফিজের তাঁকে ছাড়িয়ে যেতে লেগেছে ৩২৫টি ম্যাচ। 
পিএসএল শুরুর আগে মোস্তাফিজ এ তালিকায় তৃতীয় নম্বরে ছিলেন। টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ১ উইকেট নিয়ে দুইয়ে থাকা আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে ছাড়িয়ে যান। ২০২৩ সালে খেলা ছাড়া ওয়াহাব রিয়াজের উইকেট ৪১৩টি।

ওয়াহাব রিয়াজের সঙ্গে লড়াই শেষ হলেও আমিরের সঙ্গে লড়াইটা এখানেই থামছে না। কারণ, আমিরও খেলছেন পিএসএলে। রাওয়ালপিন্ডির হয়ে খেলছেন ৩৩ বছর বয়সী আমির। টুর্নামেন্টে এখন পর্যন্ত তাঁর উইকেট ২টি। অবশ্য ম্যাচও খেলেছেন মাত্র ২টি। মোস্তাফিজের উইকেট ৩ ম্যাচে ৪টি।

৪১৬ উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে মোস্তাফিজের উইকেট ১৫৮টি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হন মোস্তাফিজ। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ায় এখনো মোস্তাফিজের চেয়ে সাকিব এগিয়ে।

যদিও টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ায় এখনো মোস্তাফিজের চেয়ে সাকিব এগিয়ে। সাকিবের শিকার ৫০৭ উইকেট। এখানেও সাকিবকে অবশ্য মোস্তাফিজের ছাড়িয়ে যাওয়ারই কথা। ৩৯ বছর বয়সী সাকিব এখন খুব বেশি লিগে সুযোগ পান না। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর খেলতে পারেননি বাংলাদেশের হয়েও।

টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ায় মোস্তাফিজ সব মিলিয়ে আছেন ৭ নম্বরে। শীর্ষে রশিদ খান। আফগান এই লেগ স্পিনারের উইকেট ৭০৩টি

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.